তালা প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৫৮:০২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার তালায় শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষক সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তালায় গ্রীনম্যানের প্রধান কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। স্থানীয় তিনটি বিদ্যালয়ের ৬ জন শিক্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালাটি পরিচালনা করেন গ্রীনম্যানের কর্মসূচি সমন্বয়কারী সায়িদ ওমর আল ফয়সাল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইমরান রাব্বি, প্রধান নির্বাহী সুজয় চক্রবর্তী এবং ফ্রন্টলাইনার সায়িদ ওমর আল ফাহাদ।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির উদ্যোগে, যুব সংগঠন গ্রীনম্যানের আয়োজনে ও ‘ইয়ুথ ফর পলিসি’র বাস্তবায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকদের মাধ্যমে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সম্পর্ক আরও সুদৃঢ় করার কৌশল নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, এ প্রকল্পের লক্ষ্য ঝরে পড়া শিক্ষার্থীর হার কমিয়ে শিক্ষার বিস্তার ঘটানো। আগামী নভেম্বর পর্যন্ত চলমান এ কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক সক্রিয়করণ কর্মশালা ছাড়াও অভিভাবক সভা, উঠান বৈঠক এবং অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হবে।

















