ডেস্ক রিপোর্ট ১৫ অক্টোবর ২০২৫ , ৪:২৮:২১ অনলাইন সংস্করণ
“হাত ধোয়ার নায়ক হোন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরার উদ্যোগে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম মোঃ তৈমুর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম টুকু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সাতক্ষীরা পুলিশ হাসপাতালের ইনচার্জ মো. পাভেল রাজ্জাক এবং সুশীলন সাতক্ষীরার পরিচালক মো. মনির হোসেন।
এসময় উপস্থিত ছিলেনসদর উপজেলা উপসহকারী প্রকৌশলী মফিজুর রহমান, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান সহকারী ইব্রাহিম হোসেন রিপন, ক্যাশিয়ার মো. শাখাওয়াত হোসেন, অফিস সহকারী শেখ ওয়ালিদ হোসেন, ডিআরআর ডেপুটি ডিরেক্টর আনজির হোসেন প্রমুখ।
উদ্বোধন শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় হাত ধোয়া প্রদর্শনী। শিক্ষার্থীরা সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি অনুশীলন করে এবং সবাইকে দৈনন্দিন জীবনে এই অভ্যাস গড়ে তোলার আহ্বান জানায়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যচিত্র, পোস্টার প্রদর্শনী ও হাতে-কলমে কার্যক্রম (হ্যান্ডস-অন) অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ আয়োজনটি ছিল প্রাণবন্ত ও শিক্ষণীয়যা শিশু-কিশোরদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নতুন অনুপ্রেরণা যোগায়।

















