ডেস্ক রিপোর্ট ১৮ নভেম্বর ২০২৫ , ১২:৩৭:৪৪ অনলাইন সংস্করণ
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মধ্যে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি – কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৮ নভেম্বর) সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ও সরকারি কলেজে বিশেষ সচেতনতা প্রচারণা অনুষ্ঠিত হয়।
সকালে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় এবং সাড়ে ১১ টায় সরকারি কলেজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম, আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক ও সহকারী মোঃ নাছির উদ্দিন।
প্রচারণা সভায় বক্তারা শিক্ষার্থীদের সড়কে নিরাপদ চলাচল, ট্রাফিক সাইন এবং দুর্ঘটনা রোধমূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সভার শেষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
এতে শিক্ষার্থীরা কেবল সচেতন হয়নি, পাশাপাশি সড়ক নিরাপত্তা মানার গুরুত্বও উপলব্ধি করেছে। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসব্যাপী এই ধরনের সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

















