ডেস্ক রিপোর্ট ১৫ এপ্রিল ২০২৬ , ৩:১১:১১ অনলাইন সংস্করণ
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখের আমেজে সাজানো স্কুল প্রাঙ্গণে শুরুতেই ছোট ছোট শিক্ষার্থীদের নাচ, গান ও আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। রঙিন পোশাকে সজ্জিত সোনামণিদের পরিবেশনায় বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের অপূর্ব চিত্র ফুটে ওঠে।
অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্না চক্রবর্তী ও কেয়া চৌধুরী। তাদের সুরেলা কণ্ঠে পরিবেশিত সংগীত আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে এবং দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।
অনুষ্ঠানের শেষপর্বে পহেলা বৈশাখের ঐতিহ্য ধরে রাখতে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে চিড়া, কলা, দই ও বাতাসা পরিবেশন করা হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুর রহমান কাজল বলেন, নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

















