সাকিব হাসান, ব্রক্ষরাজপুর প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ , ৩:১৬:৪২ অনলাইন সংস্করণ
আবেগঘন পরিবেশ ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। একই সঙ্গে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘মাছখোলা যুবকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে বিশেষ সংবর্ধনা ও শিক্ষা উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছখোলা যুবকল্যাণ পরিষদের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, সেক্রেটারি মোঃ মেহেদী হাসান, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ আল আজিম, মোঃ আশিকুজ্জামান আশিকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের দীর্ঘ শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। জুনিয়র শিক্ষার্থীরাও বড় ভাই-বোনদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে বক্তব্য প্রদান করে।
অনুষ্ঠানের একপর্যায়ে মাছখোলা যুবকল্যাণ পরিষদের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী সম্বলিত বিশেষ কিট (কলম, পেন্সিল, স্কেলসহ অন্যান্য উপকরণ) বিতরণ করা হয়।
মাছখোলা যুবকল্যাণ পরিষদের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “শিক্ষার আলোয় আলোকিত হয়ে মাছখোলার সুনাম ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। মেধা ও নৈতিকতার সমন্বয়ে এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের কাণ্ডারি হবে।”
প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী বলেন, “তোমরা এই বিদ্যালয়ের প্রতিনিধি। আসন্ন এসএসসি পরীক্ষায় তোমাদের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি বিদ্যালয় ও এলাকার জন্য গর্বের বিষয় হবে।” তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সহকারী শিক্ষক মোঃ আশরাফুজ্জামান খোকনের পরিচালনায় শিক্ষার্থীদের সফলতা ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

















