ডেস্ক রিপোর্ট ২৩ নভেম্বর ২০২৫ , ৪:৫৮:২২ অনলাইন সংস্করণ
“জনসেবামুখী কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে”— নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের এই প্রত্যয়কে কেন্দ্র করে সাতক্ষীরায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সাতক্ষীরার প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের কর্মপরিকল্পনা, চাহিদা, চ্যালেঞ্জ ও সমাধানের দিকগুলো তুলে ধরেন।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “উন্নয়ন ও আইনশৃঙ্খলা একে অপরের পরিপূরক। সমন্বিত উদ্যোগ ছাড়া জেলার সার্বিক অগ্রগতি সম্ভব নয়। জনগণের সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে আরও গতিশীল হতে হবে।” তিনি সাইবার নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও সেবার মান বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, “সাতক্ষীরার উন্নয়ন ত্বরান্বিত করতে আমরা সবাইকে নিয়ে কাজ করবো। জনগণের সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে।”
সভা শেষে দ্রুত ও সমন্বিত সেবা নিশ্চিত করতে এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
নবাগত জেলা প্রশাসকের নেতৃত্বে জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম নতুন গতিতে এগিয়ে যাবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।

















