সাতক্ষীরা

নিজেদের পরিবর্তন থেকেই দেশের পরিবর্তন শুরু হয় : জেলা প্রশাসক

  ডেস্ক রিপোর্ট ১ ডিসেম্বর ২০২৫ , ১:৫৪:২৪ অনলাইন সংস্করণ

“তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে—এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক এক অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। সোমবার (০১ ডিসেম্বর) সকালেই সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে জেলা তথ্য অফিসের আয়োজনে এক প্রাণবন্ত ও জ্ঞানসমৃদ্ধ এ আয়োজন তরুণদের মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। তিনি বলেন, “তরুণ প্রজন্মের অযথা মোবাইল আসক্তি আজ সফলতার পথে বড় প্রতিবন্ধক। উন্নত বাংলাদেশ গড়তে হলে দক্ষ, সুশিক্ষিত ও সচেতন জাতি গঠন অপরিহার্য। নিজেদের পরিবর্তন থেকেই দেশের পরিবর্তন শুরু হয়।” তিনি আরও বলেন, পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং লক্ষ্য স্থির করে জীবন গঠন করার প্রতি তরুণদের উদ্বুদ্ধ হতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সিনিয়র সাংবাদিক জি এম মনিরুল ইসলাম মিনি, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু, সহকারী অধ্যাপিকা আয়েশা সিদ্দিকা, মোহিনী তাবাচ্ছুমসহ আরও অনেকে।

ছাত্র-শিক্ষকদের উপচে পড়া উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় তরুণদের দায়িত্ব, নৈতিকতা, ব্যক্তিত্ব গঠন, সামাজিক সচেতনতা ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণের গুরুত্ব বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান।

আরও খবর