ডেস্ক রিপোর্ট ১৪ আগস্ট ২০২৫ , ১১:৪৪:৪৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় “আদর্শ সমাজ বিনির্মাণে ইমাম ও খতিবদের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ইমাম ও খতিবরা সমাজের চালিকা শক্তি। তাঁদের বয়ান ও দিকনির্দেশনা মানুষের মাঝে শান্তি, সহনশীলতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিশোর অপরাধ, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে তাঁদের সক্রিয় হতে হবে। মুসল্লিদের সহজবোধ্যতার জন্য জুমার আরবি খুতবার পাশাপাশি বাংলা খুতবাকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মশালায় বক্তব্য দেন উপ-সচিব মোঃ আকবর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মেহেদী হাসান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান প্রমুখ।
জেলার বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক ইমাম ও খতিব কর্মশালায় অংশগ্রহণ করেন। বক্তারা উগ্রবাদ, ধর্মের অপব্যাখ্যা, সামাজিক অন্যায় ও সহিংসতা প্রতিরোধে মসজিদভিত্তিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, মুফতি, মুহাদ্দিস ও আলেম সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

















