ডেস্ক রিপোর্ট ১ ডিসেম্বর ২০২৫ , ২:১২:২৪ অনলাইন সংস্করণ
“সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব এইডস দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিলের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় বক্তৃতা করেন জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, ডা. ইসমাত জাহান সুমনা ও ডা. রাশেদ উদ্দিন মৃধা।
বক্তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার, নিরাপদ জীবনযাপন এবং এইচআইভি পরীক্ষার সুযোগ সহজলভ্য করলেই এইডস নিয়ন্ত্রণ সম্ভব। তারা সমাজের সকল স্তরের মানুষকে HIV/AIDS বিষয়ে সঠিক ধারণা ছড়িয়ে দিতে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে মুক্ত আকাশ বাংলাদেশ-এর সেন্টার ম্যানেজার মো. আলমগীর হোসেন, কনসোর্টিয়াম ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি, বাস্তবায়নকারী সংস্থা সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক অফ বাংলাদেশের রাহেলা আক্তার (আউটলেট ইনচার্জ), সাবিহা সুলতানা (POW), জোছনা খাতুন (POW)সহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সভা ঘিরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচিও পালন করা হয়।

















