কালিগঞ্জ

কালিগঞ্জে অবৈধ ট্রলি-ট্রাক্টরের দাপট, চলাচলে অনিশ্চয়তায়

  কালিগঞ্জ প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ৫:৫৫:৩৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জে দিন দিন বাড়ছে অবৈধ ট্রলি, ট্রাক্টর, ড্রাম্পার, ইঞ্জিনভ্যান, নছিমন ও করিমনের দাপট। উপজেলার আঞ্চলিক মহাসড়ক এবং গ্রামের ছোট রাস্তা জুড়ে এই যানবাহনগুলো মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ শিক্ষার্থী, পথচারী ও স্থানীয়রা প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন।
গত ২০ ডিসেম্বর বিষ্ণুপুর বেজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাহির হোসেন ট্রলির চাপায় নিহত হন। দুর্ঘটনায় তার বাবা ও ছোট বোনও আহত হন। এই মর্মান্তিক ঘটনার পরও উপজেলা জুড়ে অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।
স্থানীয়রা জানিয়েছেন, এসব যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে রাস্তাঘাট নষ্ট হচ্ছে, যানজট বৃদ্ধি পাচ্ছে এবং ধুলোবালির কারণে সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। বিশেষ করে, ইটভাটা ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রলি-ট্রাক্টরগুলো রাস্তা ভেঙে দিচ্ছে এবং নিরাপদ চলাচলকে প্রায় অসম্ভব করে তুলেছে।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, “দিন দিন অবৈধ যানবাহনের সংখ্যা বাড়ছে। আমাদের স্কুলগামী সন্তানরা ঝুঁকির মুখে। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।”
অন্য এক স্থানীয় তোফায়েল হোসেন বলেন, “রাস্তা এমনিতে ছোট, সেখানে ড্রাম্পার ও ট্রলি দাপট দেখায়। কখনোই নিরাপদ বোধ করি না। শুধু স্কুলপড়ুয়া নয়, বয়স্ক ও অসুস্থরাও বিপদের মধ্যে।”
কালিগঞ্জের আরও একজন বাসিন্দা মোস্তফা কামাল বলেন, “রাস্তা ভেঙে যাওয়ায় যানজটও প্রচুর। ইটভাটার মাটি পরিবহনের জন্য এভাবে বড় বড় যানবাহন চললে আর রাস্তা বাঁচবে না। প্রশাসনের হস্তক্ষেপ চাই।”
স্থানীয়রা জেলা ও উপজেলা প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যেন এই অবৈধ ও অনুমোদনবিহীন যানবাহনগুলোর চলাচল নিয়ন্ত্রণ করা হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

আরও খবর