ডেস্ক রিপোর্ট ৯ জুন ২০২৬ , ৪:২২:৩৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম সরদার তার ব্যক্তি মালিকানাধীন জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা এবং তাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাঘুরালী গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে সাইদুল ইসলাম সরদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি মানববন্ধনে তার বিরুদ্ধে সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
সাইদুল ইসলাম জানান, মাঘুরালী এলাকার চাঁদের পুকুর সংলগ্ন স্থানে তার পৈতৃক ও ক্রয়সূত্রে অর্জিত রেকর্ডভুক্ত জমি রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনগতভাবে ওই জমি ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি একটি পক্ষ তার মালিকানাধীন জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা চালায়। তিনি এতে বাধা দিলে তার ও পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ঘটনার পর তিনি কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টি নিয়ে আদালতে একটি মামলাও করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এছাড়া এলাকায় বিকল্প চলাচলের রাস্তা থাকা সত্ত্বেও তার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাইদুল ইসলাম অভিযোগ করেন, তাকে মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং প্রশাসনের কাছে অপরাধী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই। একটি মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, হামিদুল হক সরদার, অবসরপ্রাপ্ত মৎস্য উন্নয়ন কর্পোরেশনের প্রকল্প ব্যবস্থাপক আনিসুর রহমান, অলিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে সাইদুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

















