সাতক্ষীরা

টমেটো ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই কৃষকের

  ডেস্ক রিপোর্ট ৩১ জানুয়ারি ২০২৬ , ২:৪৭:৩৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় টমেটো ক্ষেত থেকে টমেটো তুলতে গিয়ে ইঁদুর মারা বিদ্যুৎ ফাঁদে জড়িয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং পাশ্ববর্তী শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইঁদুর ও শিয়ালের উপদ্রব থেকে টমেটো ক্ষেত রক্ষার জন্য মনিরুল ইসলাম তার ক্ষেতের চারপাশের ঘেরায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেন। শনিবার সকালে নিজ ক্ষেত থেকে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত ঘেরার সঙ্গে যুক্ত বিদ্যুতের তারে মনিরুল ইসলামের পা আটকে যায়। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসেন পাশ্ববর্তী ঘেরের মালিক আব্দুর রহিম। তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মুহূর্তেই আনন্দের ফসল তোলার ক্ষেত পরিণত হয় মৃত্যুকূপে।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফসল রক্ষার নামে বিদ্যুৎ সংযোগ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বেআইনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে ফসলের ক্ষেতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের বিরুদ্ধে সচেতনতার দাবি উঠেছে।

আরও খবর