ডেস্ক রিপোর্ট ১৬ মার্চ ২০২৬ , ৮:৫৫:০৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে সামিয়া আক্তার (১৯) নামে এক তরুণী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত ১২ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর গত চারদিনেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ তরুণীর পরিবার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ সামিয়া আক্তার পদ্মশাখরা এলাকার মো. আব্দুল সালামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে সামিয়া আক্তার পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। নিকটাত্মীয়সহ সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়েও তার কোনো হদিস পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার সময় ১৯ বছর বয়সী সামিয়ার পরনে ছিল সাদা রঙের থ্রি-পিস ও মাথায় ওড়না।
নিখোঁজ তরুণীর ভাই মো. আয়ানিরুল ইসলাম থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বোনটি কোথায়, কীভাবে আছে আমরা জানি না। আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি যেন দ্রুত তাকে খুঁজে বের করতে সহযোগিতা করা হয়। সামিয়ার সন্ধান না পাওয়ায় বর্তমানে তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তরুণীর সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও সরাসরি তার ভাই মো. আয়ানিরুল ইসলামের মোবাইল নম্বরে (০১৬৩৮-৪৮৯০১১) তথ্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পরিবার।

















