ডেস্ক রিপোর্ট ১০ জুন ২০২৬ , ৩:৪২:৫৭ অনলাইন সংস্করণ
মানব পাচার প্রতিরোধ এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি মোকাবেলায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে সাতক্ষীরায় এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে শহরের হোটেল টাইগার প্লাসের কনফারেন্স রুমে রূপান্তর আয়োজিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এস.এম. রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল এবং অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
বক্তারা বলেন, বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে হলে অবশ্যই বৈধ ও নিরাপদ পথ অনুসরণ করতে হবে। অতিউৎসাহী হয়ে দালালচক্রের প্রলোভনে পড়ে অবৈধভাবে বিদেশ গমনের চেষ্টা করলে মানব পাচারের শিকার হওয়ার ঝুঁকি তৈরি হয়। সরকার মানব পাচার প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও যুব সংগঠন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তবুও অসচেতনতা ও প্রতারণার কারণে অনেকেই মানব পাচারের শিকার হচ্ছেন।
তারা আরও বলেন, অবৈধ পথে বিদেশে যাওয়ার পর সমস্যায় পড়লে জনপ্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হয়, অথচ যাওয়ার আগে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করা হয় না। তাই মানব পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি।
সম্মেলনে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মানব পাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ইউনিয়ন পরিষদ পর্যায়ে মানব পাচার প্রতিরোধে তথ্য বিনিময়, কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাজেট বরাদ্দের বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর শেখ মাসুদুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা, প্রশিক্ষক লুৎফুন্নাহার বিউটি, স্বদেশের নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত, হেড-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, এটিএন বাংলার প্রতিনিধি মো. কামরুজ্জামান, মাই টিভির প্রতিনিধি, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন ঢালী, প্যানেল চেয়ারম্যান নুরুল হুদাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সিটিআইপি, উপজেলা ও ইউনিয়ন সিটিসি কমিটির সদস্যবৃন্দ।

















