সাতক্ষীরা

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

  নিজস্ব প্রতিনিধি ১৬ জুলাই ২০২৬ , ৪:১০:৩২ অনলাইন সংস্করণ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় জয় মহাপ্রভু সেবক সংঘ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে পুরাতন সাতক্ষীরার ‘মায়ের বাড়ি’ প্রাঙ্গণে এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, “ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার মধ্য দিয়েই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে। সকল ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে।”

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা মন্দির সমিতির উপদেষ্টা বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জয় মহাপ্রভু সেবক সংঘের উপদেষ্টা রঘুজিত কুমার গুহ ও কিশোরী মোহন সরকার, সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক বলাই দে এবং জয় মহাপ্রভু সেবক সংঘের যুব কমিটির সভাপতি সুজয় মজুমদার।

সভায় সভাপতিত্ব করেন জয় মহাপ্রভু সেবক সংঘ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. সুশান্ত কুমার ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ কুমার সরকার।

আলোচনা সভা শেষে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পুরাতন সাতক্ষীরার ‘মায়ের বাড়ি’ থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। রথযাত্রায় কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি, কীর্তন এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে ভক্তরা ভক্তিভরে রথের দড়ি টানেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মায়ের বাড়ি প্রাঙ্গণে এসে শেষ হয়।

রথযাত্রাকে কেন্দ্র করে সাতক্ষীরা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের রথযাত্রা ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিফলিত হয়েছে।

আরও খবর