ডেস্ক রিপোর্ট ১৬ মার্চ ২০২৬ , ৮:২৮:৪৬ অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) পবিত্র রমজানের ২৫তম দিনে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. আবু জাহিদ ডাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক পৌর কমিশনার শেখ মাসুম বিল্লাহ শাহীন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ জুলফিকার আলম শিমুল, অ্যাডভোকেট মো. শহীদ হাসান, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এবিএম সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. আকবর আলী বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই মাস মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি বলেন, “রমজানের শিক্ষা যদি আমরা ব্যক্তি জীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় কাজে লাগাতে পারি, তাহলে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।”
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। তারা বলেন, রমজান মাস মানুষকে আত্মসংযম ও মানবিকতার চর্চা শেখায়, যা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্যসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইনজীবীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশে একসাথে ইফতার সম্পন্ন হয়।

















