ডেস্ক রিপোর্ট ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৫১:০৯ অনলাইন সংস্করণ
আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাংবাদিকরা তথ্যসেবার মাধ্যমে রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে সাতক্ষীরার মত উপকূলীয় অঞ্চলের ঝুঁকির মাত্রা বেশি থাকায় সঠিক সময়ে যথাযথ তথ্যসেবার কোন বিকল্প নেই। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্যগুলো পড়ে এই অঞ্চলের মানুষ যদি ঝুঁকি মোকাবেলায় সিদ্ধান্ত নিতে পারে তবেই তা এ সংক্রান্ত তথ্যসেবা হয়ে উঠবে।
গেলো ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আবহাওয়া, জলবায়ু এবং জনস্বার্থ বিষয়ক সাংবাদিকতার প্রশিক্ষণে এসব কথা উঠে এসেছে। ব্রিজেস প্রকল্পের অধিনে বিবিসি মিডিয়া অ্যাকশন নরওয়ের উন্নয়ন সহযোগি সংস্থা নোরাডের অর্থায়নে এই প্রশিক্ষণের আয়োজন করে।
সাতক্ষীরার একটি রিসোর্টে আয়োজিত এই প্রশিক্ষণে জেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন, টেলিভিশন এবং কমিউনিটি বেতারের ২২জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জনস্বার্থ সাংবাদিকতার কৌশলগুলো হাতে কলমে শেখানো হয়েছে। সাংবাদিকরা কিভাবে তাদের তথ্য সেবার মাধ্যমে আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কিভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারেন তাও সবিস্তারে আলোচনা হয়েছে।
সমাপনী দিনে সাংবাদিকরা বলেন- শুধুমাত্র কৌশল না জানার কারণেই বেশিরভাগ সময়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে যথাসময়ে তথ্য সেবা পৌঁছানো সম্ভব হয়নি। শুধু জনগোষ্ঠীই নয় জেলার আবহাওয়া ও জলবায়র প্রভাবে ঝুঁকিতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় সরকারসহ সবাই যেন উদ্যোগী হয় সেই প্রচেষ্টাও করবেন সাংবাদিকরা এমন প্রত্যয়ও ঘোষণা করেন তারা।
প্রশিক্ষণ পরিচালনা করেন বিবিসি মিডিয়া অ্যাকশনের মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার নূর সিদ্দিকী, আহমেদ রেজা এবং বিবিসির এই প্রকল্পের বাস্তবায়ন অংশীদার রাইমসের তানজিলুর রহমান।
বিবিসি মিডিয়া অ্যাকশনের মিডিয়া ডেভেলাপমেন্ট ম্যানেজার রাশেদুল হাসান জানান এই প্রকল্পের আওতায় বিবিসি মিডিয়া অ্যাকশন কক্সবাজার জামালপুর, কুড়িগ্রাম, সাতক্ষীরা এবং সুনামগঞ্জের ১০০ জন সাংবাদিকের আবহাওয়া, জলবায়ু এবং জনস্বার্থ বিষয়ে দক্ষতা উন্নয়নে কাজ করছে এবং প্রশিক্ষনের পাশাপাশি চলবে মেন্টরিং কর্মসূচিও।

















