সাতক্ষীরা

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের কণ্ঠ: কালিগঞ্জে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী

  শেখ ফরিদ আহমেদ ময়না ২ সেপ্টেম্বর ২০২৫ , ১০:১৮:৫৫ অনলাইন সংস্করণ

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা”—এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় উদ্বুদ্ধ করতে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং পুরস্কার বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, দুদক খুলনার উপসহকারী পরিচালক মো. মহাসীন আলী, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান প্রমুখ।

বিতর্কের চূড়ান্ত পর্বের বিষয় ছিল— “দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়।” পক্ষ দলে ছিল মাধ্যমিক বিদ্যালয় আর বিপক্ষ দলে অংশ নেয় শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে জয়ী হয় বিপক্ষ দল শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. ওয়াসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন ও মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।

কালিগঞ্জ উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু ও সহ-সভাপতি এডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম।

আরও খবর