সাতক্ষীরা

সাতক্ষীরায় জাতীয় যুব শক্তির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

  ডেস্ক রিপোর্ট ১৬ নভেম্বর ২০২৫ , ১:২৩:৫০ অনলাইন সংস্করণ

জাতীয় যুব শক্তি সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা আহ্বায়ক এসএম আবু সাঈদের সভাপতিত্বে এবং জুলাই আহত যোদ্ধা মোঃ আবু হাসানের প্রাণবন্ত সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসেন, এনসিপি সাতক্ষীরা জেলা প্রধান সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়কারী শেখ আহসান উল্লাহ, সদস্য সিএম নাজমুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির মোঃ মুজাহিদুল ইসলাম, জাতীয় যুব শক্তির সদস্য সচিব মামুনুর রহমান আকাশ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, এনসিপি বাংলাদেশ এখন একটি সুসংগঠিত ও দায়িত্বশীল রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা জুলাই-আগস্ট যুদ্ধে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখেছে। তারা জানান, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় যুব শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেই লক্ষ্যেই সাতক্ষীরায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অতি দ্রুত কমিটি গঠন করা হবে। তরুণদের সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ ও ইতিবাচক রাজনীতিতে সম্পৃক্ত করতে বেশ কয়েকটি কর্মপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

পরিচিতি সভায় জাতীয় যুব শক্তির বিভিন্ন স্তরের নেতা–কর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।

আরও খবর