ডেস্ক রিপোর্ট ২৩ নভেম্বর ২০২৫ , ৪:৫২:৪২ অনলাইন সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে নিয়ে ঝাউডাঙ্গা কলেজে শিক্ষক সমাজের সাথে এক উষ্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, “দলের হাইকমান্ড সাতক্ষীরা–২ আসনের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর আমাকে যোগ্য মনে করায় মনোনয়ন দিয়েছে। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও দোয়া পেলে ধানের শীষের জয় নিশ্চিত।”
তিনি আরও বলেন, “শিক্ষকরাই জাতি গড়ার প্রধান কারিগর। আপনাদের হাতে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। তাই নির্বাচিত হলে শিক্ষা খাতে উন্নয়ন, শিক্ষকবান্ধব পরিবেশ ও কলেজগুলোর প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যেতে চাই।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমান্ত আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজ গভর্নিং বডির সভাপতি আমজাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রানা এবং ঝাউডাঙ্গা কলেজের সহকারী অধ্যাপক আনারুল ইসলাম প্রমুখ।
সভায় কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় দলীয় নেতা-কর্মী, সমর্থক এবং ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

















