ডেস্ক রিপোর্ট ২৮ ডিসেম্বর ২০২৫ , ৩:০৬:৩৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুখরালী দক্ষিণপাড়ায় ভ্যানের ধাক্কায় মো. জিয়াদ আলী (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই এলাকার বাসিন্দা তরিকুল ইসলামের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার (২৮ ডিসেম্বর) আনুমানিক সকাল ১১টার দিকে বাড়ির সামনের সড়কে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে শিশুটি গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় মামলা হয়নি। তবে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

















