ডেস্ক রিপোর্ট ১১ জুন ২০২৬ , ৩:৫১:৩১ অনলাইন সংস্করণ
খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন বৃহস্পতিবার (১১ জুন) সরকারি সফরে সাতক্ষীরা জেলায় এসে প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সফরের শুরুতে তিনি সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক কাউসার আজিজ ও পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল বিভাগীয় কমিশনারকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করে।
এর আগে বিভাগীয় কমিশনার সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে জেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সরকারি সেবার কার্যকারিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে স্বচ্ছতা, সমন্বয় এবং সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিভাগীয় কমিশনারের এ সফর জেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং উন্নয়ন ও জনসেবামূলক উদ্যোগ বাস্তবায়নে নতুন গতি সঞ্চার করবে।

















