সাতক্ষীরা

দখল-দূষণমুক্ত করে প্রাণসায়ের খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি

  নিজস্ব প্রতিনিধি ১১ জুন ২০২৬ , ৩:৫৯:৩৭ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে সদর উপজেলার মিলবাজারস্থ সুন্দরবন ফাউন্ডেশন কার্যালয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, প্রাণসায়ের খাল শুধু একটি জলাধার নয়, এটি সাতক্ষীরা শহরের ঐতিহ্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে খালটি অস্তিত্ব সংকটে পড়েছে। খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ এবং ময়লা-আবর্জনা ফেলার ফলে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

দেশ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, বেলার প্রধান কার্যালয়ের অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব, রিসার্চ অফিসার শাফায়েত উল্লাহ, ক্যাম্পেইন অফিসার মোজাফফর ফয়সাল, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অফিসার সামির রহমান, রিসার্চ অফিসার রাইসুল হাসান, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন এবং অ্যাডমিন অফিসার শেখ আব্দুর রহমান।

এ সময় চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, প্রাণসায়ের খালের তীরবর্তী সুবিধাবঞ্চিত মানুষ ও ইয়ুথ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- খালের দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ, খালে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং খালটি পুনঃখননের মাধ্যমে স্বাভাবিক জোয়ার-ভাটা ও পানিপ্রবাহ ফিরিয়ে আনা।

বক্তারা বলেন, “প্রাণসায়ের খাল বাঁচলে বাঁচবে সাতক্ষীরা শহর। খাল রক্ষায় প্রশাসন ও নাগরিক সমাজের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

আরও খবর