ডেস্ক রিপোর্ট ১১ জুন ২০২৬ , ৪:১০:০৭ অনলাইন সংস্করণ
ভারত সীমান্ত দিয়ে কথিত ‘পুশইন’ বন্ধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় শহরের জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় জোটের প্রধান ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
সভায় বক্তব্য দেন এনসিপির জেলা সমন্বয়কারী কামরুজ্জামান বুলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খেলাফত আন্দোলনের জেলা সভাপতি হাফেজ ইমদাদুল হক, জাগপা, এবি পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সীমান্ত এলাকায় অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তারা সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করার পাশাপাশি কূটনৈতিকভাবে বিষয়টির সমাধানে সরকারের সক্রিয় উদ্যোগ কামনা করেন।
সভায় নেতৃবৃন্দ কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ ‘পুশইন’ অবিলম্বে বন্ধ করা, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা, অনুপ্রবেশ সংক্রান্ত অভিযোগের স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থে এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান জনগণের সামনে তুলে ধরা।
সভা শেষে নেতারা বলেন, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয় জনগণের উদ্বেগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
এদিকে, এসব দাবির সমর্থনে (১২ জুন) বিকেল ৪টায় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকায় ১১ দলীয় জোটের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সভা থেকে জানানো হয়েছে।

















