এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ১৮ মে ২০২৬ , ১০:০১:১৩ অনলাইন সংস্করণ
বিনোদন অঙ্গনে নতুন মুখ হিসেবে ছোটপর্দায় অভিষেক হয়েছে মাত্র পাঁচ বছর বয়সী ম্যারাডোনা সরদারের। বাবার হাত ধরেই অভিনয়ের জগতে পা রাখা এই শিশুশিল্পীকে এবার দেখা যাবে একটি বিশেষ নাটকে।
ম্যারাডোনা সরদার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সুনামধন্য লেখক ও পরিচালক মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই ক্যামেরার সঙ্গে পরিচয় হলেও এবারই প্রথম সংলাপভিত্তিক চরিত্রে অভিনয় করছেন তিনি।
নাটকটির পরিচালক মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস জানান, মাত্র এক বছর বয়সে “গ্যাংস্টার” নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে আসে ম্যারাডোনা। তখন একটি ছোট দৃশ্যে তার উপস্থিতি ছিল, যেখানে কোনো সংলাপ ছিল না। তবে এবার সে পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিনয় জীবন শুরু করলো।

তিনি আরও বলেন, নতুন হলেও ক্যামেরার সামনে ম্যারাডোনা বেশ আত্মবিশ্বাসী ছিল। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আন্তরিক চেষ্টা করেছে। দর্শকরাও তার অভিনয় পছন্দ করবেন বলে তিনি আশাবাদী।
আসন্ন ঈদুল ফিতরে এস এ টিভিতে প্রচারিতব্য সাত পর্বের বিশেষ নাটকে “শুভ” চরিত্রে দেখা যাবে ম্যারাডোনাকে। নাটকে সে অভিনয় করেছে অভিনেতা সঞ্জয় রাজ ও অভিনেত্রী নওসীন নাহারের সন্তানের ভূমিকায়।
পারিবারিক আবহের এই সাত পর্বের নাটকটি নির্মাণ করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। নাটকটির রচনা করেছেন মমর রুবেল এবং প্রযোজনা করেছে অরোরা অ্যাড মিডিয়া।
নাটকটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সঞ্জয় রাজ, তামিম খন্দকার, গোলাম ফরিদা ছন্দা, নওসীন নাহার, মিষ্টি ঘোষ, মাসুম বাসার, রেবেকা রউফ, আমিন আজাদ, রিমুরোজা খন্দকার বিশ্বজিৎ ও মাহমুদ খান।
নতুন এই যাত্রায় ম্যারাডোনার জন্য শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। ছোট্ট এই শিল্পীর অভিনয় ভবিষ্যতে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে বলেও আশা সংশ্লিষ্টদের।

















