ডেস্ক রিপোর্ট ১৫ জুলাই ২০২৬ , ৩:৪১:২৩ অনলাইন সংস্করণ
মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) কর্তৃক বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় দুই দিনব্যাপী স্টাফ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় মাসউক নড়াইল জেলার লোহাগড়া উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় ভিডব্লিউবি কর্মসূচির উন্নয়ন প্যাকেজ সেবা বাস্তবায়নের জন্য নির্বাচিত এনজিও হিসেবে কার্যক্রম শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় ১৪ ও ১৫ জুলাই ২০২৬ তারিখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাসউকের শাখা কার্যালয়ে কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী স্টাফ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীদের সামনে ভিডব্লিউবি কর্মসূচির উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল, মাঠপর্যায়ের কার্যক্রম, দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন কর্মসূচির সমন্বয়কারী মো. গিয়াসউদ্দিন।
আয়োজকরা জানান, মাঠপর্যায়ে কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে শিগগিরই উপজেলা পর্যায়ে ভিডব্লিউবি কর্মসূচির প্রশিক্ষক প্রশিক্ষণ (Training of Trainers–ToT) অনুষ্ঠিত হবে।
এ ধরনের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং ভিডব্লিউবি কর্মসূচির সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

















