সাতক্ষীরা

সাতক্ষীরায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

  ডেস্ক রিপোর্ট ৩ ডিসেম্বর ২০২৫ , ৩:০৩:৫৭ অনলাইন সংস্করণ

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার যৌথ উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মিনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) প্রবীর রায়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, দৃষ্টি প্রতিবন্ধী কেন্দ্রের কর্মকর্তা আব্দুস সামাদ, শিশু পরিবার কর্মকর্তা আয়েশা খাতুন, ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা ইউনুস আলী, সুশীলন এর উপপরিচালক জিএম মনিরুজ্জামান, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, সুইট খাতিমুননেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রতিবন্ধী স্কুল ও এনজিও প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে দুইজন প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার, দুইজনকে ওয়াকার এবং দুইজনকে স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়, যা তাদের স্বাভাবিক জীবনযাপনে সহায়ক হবে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

আরও খবর