আব্দুল মতিন ৯ জানুয়ারি ২০২৫ , ৩:২৭:৪২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার পাটকেলঘাটায় বিস্তীর্ণ মাঠ জুড়ে প্রাকৃতিক অলংকার হয়ে উঠেছে সরিষার ফুল। চারিদিকে তাকালে শুধু হলুদ আর হলুদ। ফুলের এই সমারহ দুই চোখ জুড়িয়ে যায়। আর ফুল থেকে মধু সংগ্রহে ব্যাস্ত মোমাছিরা। থানার পাটকেলঘাটা, জুজখোলা, সরুলিয়া, ধানদিয়া, নগরঘাটা ও খলিশখালি এলাকার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় সূর্যের কিরণ প্রতিফলিত হওয়ার সঙ্গে সঙ্গে সরিষা ফুলের সমারহ হেসে ওঠে চারিদিক। এ যেন প্রকৃতির রূপের সৌন্দর্যের লীলাভূমি। আর এর মাঝে রঙিন স্বপ্ন দেখছেন কৃষকরা।
কৃষি অফিসের তথ্যমতে ,তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির জন্য রোপা আমন ও বোরো আবাদের মধ্যবর্তী এই সময়ে সরিষা চাষ করে কৃষক লাভবান হতে পারে। পাশাপাশি দেশে তেল উৎপাদনে ভূমিকা রাখতে পারবে। সেই লক্ষ্যে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে, যেন কোন জমি পতিত না রেখে সরিষা আবাদ করে।
উপ সহকারী কৃষি কর্মকর্তা পিযুষ কান্তি পাল জানান, এ বছর পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নে আনুমানিক ১৭০-১৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন আশা করছেন কৃষকরা। এ কারণে কৃষকদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।
পাটকেলঘাটার কৃষক আব্দুল হাকিম জানান, তিনি প্রথমবারের মতো দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, এতে খরচ মিটিয়েও অনেক লাভবান হবেন তিনি।
কৃষক জুয়েল রানা, সুরুজ আলী, আব্দুস সালেম একই সুরে জানান আমন ধান ঘরে তোলার পরে সরিষা চাষ করেন। কম পুজিতে সরিষা চাষে লাভ দ্বিগুণ পাওয়ার আশা করছেন। প্রতি বিঘা জমিতে প্রায় ৫/৬ হাজার টাকা খরচ করে ৭-১০ মন সরিষা পাওয়া যায়। বাজারে মন প্রতি সরিষার দাম ৫ থেকে ৬ হাজার টাকা। এতে খরচ বাচিয়ে কৃষকরা আত্মিকভাবে বেশ লাভবান হয়। পতিত জমিতে দিন দিন সরিষার আবাদ বাড়ছে।

















