পাটকেলঘাটা

পাটকেলঘাটায় বাসচাপায় মা ও শিশু নিহত, আহত দুই

  আব্দুল মতিন : ২৫ এপ্রিল ২০২৫ , ১:২৯:৩১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মা ও তার তিন বছর বয়সী শিশু সন্তান সৌরভ সাধু,  শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনার কপিলমুনি এলাকার বাসিন্দা রিতা সাধু (৩২) ও তার ছোট ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন রিতার স্বামী অপূর্ব সাধু ও সাত বছর বয়সী বড় মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে পরিবারসহ সাগরদাড়ি যাচ্ছিলেন তারা। কুমিরা এলাকায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা গামী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় সবাই সড়কে ছিটকে পড়লে, চালক না থেমে বাসটি রিতা সাধু ও তার শিশুকে চাপা দিয়ে চলে যায়।
ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি মো: মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। ঘাতক বাস ও চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আরও খবর