এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ৫ মে ২০২৫ , ৪:২৮:৩০ অনলাইন সংস্করণ
দাখিল পরীক্ষায় অংশ নেয়া কয়েকজন ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে সাতক্ষীরার শ্যামনগরে ৩ বখাটে তরুণকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বিকাল ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন।দণ্ডপ্রাপ্তরা হলেন- পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার চুনাখালী গ্রামের আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (১৯), একই উপজেলার কাটুলিয়া এলাকার জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (১৭) ও ওই এলাকার আমিনুর ইসলামের ছেলে জোবায়ের হোসেন (১৭)।দাখিল পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে শ্যামনগর পৌরসভার গোপালপুর পিকনিক কর্নারের সামনে দাখিল পরীক্ষায় অংশ নেয়া দুর্গাপুর মাদ্রাসার কয়েকজন ছাত্রীকে ইভটিজিং করার সময় স্থানীয় লোকজনের দৃষ্টিগোচর হলে ওই তিন বখাটেকে তারা আটক করে রাখে।
পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এবং স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত করে তিন তরুণকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, দাখিল পরীক্ষার্থীদের ইভটিজিং করায় তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তিন বখাটের মধ্যে মোস্তাফিজুর রহমানকে দুই মাস, রাকিব হোসেন ও জোবায়ের হোসেনকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আগামীকাল তাদের তিনজনকে জেলহাজতে পাঠানো হবে।

















