মো. আবু রায়হান ৯ জুলাই ২০২৫ , ৫:২২:২৯ অনলাইন সংস্করণ
ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরায় দুই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বরখাস্ত করেছে জেলা প্রশাসন। বুধবার (৯ জুলাই) দুপুরে তাদের বরখাস্তের আদেশ কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, আব্দুল মুকিত, নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ও শিহাব আলী তালা উপজেলার খেশরা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা।
জানা গেছে, গত ২৭ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল অভিযান চালায় তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে। অভিযানের সময় ঘুষের টাকা ডাস্টবিনে লুকিয়ে রাখেন কর্মকর্তা আব্দুল মুকিত। তার এমন কান্ড আলোচনার জন্ম দেয় জেলা জুড়ে।
অন্যদিকে খেশরা ইউনিয়নের ভূমি কর্মকর্তা শিহাব আলী ঘুষের টাকা গুণে গুণে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। দু’জনের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ, ভিডিও প্রমাণ ও ভুক্তভোগীদের লিখিত বক্তব্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম বলেন, “দুইজন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।”
তিনি আরও জানান, যারা এই দুই কর্মকর্তার হাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন তদন্ত কর্মকর্তাদের নিকট লিখিতভাবে অভিযোগ দেন, সে আহ্বান জানানো হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের অবস্থান কঠোর বলেও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি দপ্তরে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এই অভিযানে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে।

















