আশাশুনি

আশাশুনিতে তেঁতুলিয়া নদী ভাঙ্গন পরিদর্শনে ইউএনও কৃষ্ণা রায়

  আবু হাসান চঞ্চল, আশাশুনি প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ৪:৪০:৫৭ অনলাইন সংস্করণ

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া হামিউচ্ছুন্নাহ কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এবং সংলগ্ন চড় জামে মসজিদ ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে পড়েছে। পরিস্থিতি দেখতে বুধবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়।

স্থানীয়রা জানান, ২০০৩ সালে মরিচ্চাপ নদীর চর ভরাট এলাকায় প্রতিষ্ঠিত মাদ্রাসা ও মসজিদটি নদী খননের পর থেকেই ঝুঁকির মুখে। সঠিকভাবে খনন না করায় এক বছরের মাথায় ফের ভাঙ্গন শুরু হয়। এক মাস আগে থেকে দৃশ্যমান ভাঙ্গন দেখা দেয় এবং গত সপ্তাহে ২০-২৫ হাত বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়দের উদ্যোগে শতাধিক বাঁশ দিয়ে পাইলিং করেও নদীর তীব্র স্রোতে সব ভেসে গেছে। এখন মসজিদ ও ইমাম সাহেবের বাড়ি ভাঙ্গনের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, মাদ্রাসাও মারাত্মক হুমকির মুখে।

বিএনপির সাবেক আহবায়ক জহির উদ্দীনের উদ্যোগে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবুর আমন্ত্রণে ইউএনও কৃষ্ণা রায় পরিদর্শনে আসেন। তিনি ভাঙ্গনের ভয়াবহতা দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় ছাত্রদল, বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ মসজিদ-মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। জহির উদ্দীন বলেন, “ভাঙ্গন রোধে আমরা সব সময় কাজ করছি। ইউএনও মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসকের সহযোগিতা নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালিয়ে যাব।”

আরও খবর