আসাদুজ্জামান ১৫ জুলাই ২০২৫ , ৪:০৬:৫৯ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, শ্রীম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন খুলনাঞ্চলের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমী, মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মোঃ আওছাফুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ছানোয়ার হোসেন এবং এনজিও সুশীলনের প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস দেবু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছ চাষ ও উৎপাদন বৃদ্ধিতে জনগণকে উদ্বুদ্ধ করতে এই সপ্তাহ কার্যকর ভূমিকা রাখবে।”
সভায় ২২ থেকে ২৮ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। এর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, চাষিদের প্রশিক্ষণ, পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য প্রযুক্তি প্রদর্শনী, সচেতনতামূলক লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম।
সভায় সংশ্লিষ্ট সকল দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে জাতীয় মৎস্য সপ্তাহ সফলভাবে উদযাপনের আহ্বান জানানো হয়।

















