ডেস্ক রিপোর্ট ১৯ জুলাই ২০২৫ , ২:৪৪:৪৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন এবং নদী ব্যবস্থাপনার উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করতে দিনব্যাপী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এবং যুব পানি কমিটি।
“সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং টু ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ (চতুর্থ ফেজ)” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রস্তুত করা, নদী ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী অববাহিকায় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নে সচেতনতা সৃষ্টি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমান। বক্তব্য রাখেন পানি কমিটির সম্পাদক মো. আব্দুর রউফ বাবু, যুব পানি কমিটির মিলন বিশ্বাস, এসএম বিপ্লব হোসেন, রাবেয়া খাতুন, মোকাররাম বিল্লাহ ইমন, অর্পণ বসু, সাজিদুল ইসলাম, পানি কমিটির প্রচার সম্পাদক আব্দুস সামাদ, সদস্য সেলিম হোসেন, মোসলেমা খাতুন প্রমুখ।
দিনব্যাপী এই সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলার বিভিন্ন যুব পানি কমিটির সদস্যরা।
বক্তব্যে বেতনা-মরিচ্চাপ যুব পানি কমিটির প্রতিনিধি মিলন বিশ্বাস বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এলাকায় নানা সংকট তৈরি হয়েছে। সাতক্ষীরা পৌরসভার অব্যবস্থাপনার কারণে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতে ৪টি ওয়ার্ডে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের কোনো কার্যকর উদ্যোগ আজও চোখে পড়েনি। এর ফলে ডেঙ্গু ও অন্যান্য পানিবাহিত রোগ বাড়ছে। আমরা দ্রুত সমাধান চাই।”
আয়োজক সংস্থা উত্তরণ-এর প্রতিনিধি দীলিপ কুমার সানা বলেন, “নদী রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে তরুণদের সম্পৃক্ততা সময়ের দাবি। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যুবকদের পরিবেশ ও নদী রক্ষায় সচেতন, দক্ষ এবং দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী অববাহিকায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এখনই নদী রক্ষায় পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে চরম মাশুল দিতে হবে।”
উপস্থিত বক্তারা বলেন, নদী ব্যবস্থাপনার অন্যতম সমাধান টিআরএম বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং প্রশাসনের উচিত এসব বিষয়ে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা।

















