নিজস্ব প্রতিনিধি ১৯ জুলাই ২০২৫ , ২:৪২:১১ অনলাইন সংস্করণ
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কাটিয়া এলাকায় জেলা পরিষদের পুরাতন ডাকবাংলো চত্বরে এ বৃক্ষরোপণের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণের সূচনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন, “শহীদের আত্মত্যাগ দেশের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয়। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। এটি শুধু স্মৃতির সংরক্ষণ নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব পৃথিবী গড়ে তোলার শপথও।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত ফরেস্ট কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও তাসকিন আহমেদ চিশতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একদিকে শহীদদের স্মরণ, অন্যদিকে পরিবেশ রক্ষার প্রয়াস এই বৃক্ষরোপণ কর্মসূচি এক অভিনব উদ্যোগ। সাতক্ষীরার পাঁচ শহীদের স্মরণে আলাদাভাবে গাছ লাগানো হয়, যার মাধ্যমে শহীদদের নাম চিরভাসমান থাকবে এই মাটিতে।
এই কর্মসূচি জেলার পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান অংশগ্রহণকারীরা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা প্রতিটি গাছের গোড়ায় শহীদদের নাম ফলক স্থাপন করেন এবং নিয়মিত পরিচর্যার প্রতিশ্রুতি দেন।

















