সাতক্ষীরা

সীমান্তে অপরাধ দমন, ১৭ বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা

  ডেস্ক রিপোর্ট ২২ জুলাই ২০২৫ , ৩:০২:৪০ অনলাইন সংস্করণ

সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ধারাবাহিক তৎপরতা চালিয়ে যাচ্ছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)। এরই অংশ হিসেবে গত ২২ জুলাই শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় স্বর্ণ ও মাদক চোরাচালান, নারী ও শিশু পাচারসহ অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস এর দিক-নির্দেশনায় ছুটিপুর বিওপি কর্তৃক স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে সভাটি আয়োজন করা হয়। সভায় সীমান্ত অপরাধ প্রতিরোধে সম্মিলিত প্রয়াস ও জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

বিজিবি জানায়, ঊর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুসারে সীমান্ত এলাকায় নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি, মোবাইল ও ব্লক রেইড পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে, অপরাধ প্রবণ এলাকাগুলোর প্রতি বিশেষ নজরদারি ও বিজিবির উপস্থিতি আরও বাড়ানো হয়েছে।

এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব বলেন, “বিজিবি ‘জিরো টলারেন্স নীতি’র আওতায় সীমান্তে মাদক, অবৈধ পণ্য চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সকল তৎপরতা এমনভাবে সাজানো হয়েছে যেন অপরাধ সংগঠনের আগেই তা প্রতিহত করা সম্ভব হয়।”

তিনি আরও জানান, সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই তৎপরতা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি সমাজের সব শ্রেণির মানুষের সক্রিয় সহযোগিতা ও সমর্থন কামনা করেন, যাতে করে মাতৃভূমির সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা যায়।

আরও খবর