সাতক্ষীরা

ভিন্ন ধর্মাবলম্বী নেতাদের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

  মোঃ হাফিজুল ইসলাম ৬ সেপ্টেম্বর ২০২৫ , ২:০২:৫৮ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ব্যতিক্রমী আয়োজনে ভিন্ন ধর্মাবলম্বী নেতাদের অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত হাসান খান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসেম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসেনসহ উলামা-মাশায়েখ এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য চিরন্তন আলোকবর্তিকা। তাঁর সত্যনিষ্ঠা, সহমর্মিতা ও সামাজিক ন্যায়বিচার শুধু মুসলিম সমাজের জন্য নয়, বরং সর্বজনীন মানবতার শিক্ষা। নবীর আদর্শ অনুসরণ করে সামাজিক ও নৈতিক জীবনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।

সভায় বক্তারা আরও বলেন, সমাজে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সকল ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির চর্চা জরুরি। নবীজির শিক্ষা থেকেই এ ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক সমাজ গড়ার প্রেরণা পাওয়া যায়।

আরও খবর