ডেস্ক রিপোর্ট ২৩ জুলাই ২০২৫ , ৩:১২:৪৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের যৌথ উদ্যোগে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৫) বিকেলে শহরতলির বিনেরপোতা বাইপাস মোড়ে পরিচালিত এ অভিযানে ২০ বছরের বেশি পুরনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক-কভার্ডভ্যানের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অভিযান চালানো হয়।
অভিযানকালে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৩টি মামলায় মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ওভারস্পিডে যান চালানো এবং ড্রাইভিং লাইসেন্স না থাকা সম্পর্কিত বেশ কয়েকটি অনিয়মের অভিযোগও উঠে আসে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু। সঙ্গে ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মো. ওবায়দুর রহমান এবং সঙ্গীয় পুলিশ বাহিনী।
বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) কে এম মাহবুব কবির জানান, বিআরটিএ’র কেন্দ্রীয় চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) মো. জিয়াউর রহমানের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হচ্ছে। তিনি জানান, সাতক্ষীরার সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ঝুঁকিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।
এই অভিযানে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে একটি সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করছেন, যা সড়ক দুর্ঘটনা রোধে সহায়ক হবে। অপরদিকে, কিছু পরিবহন মালিক পুরনো যানবাহন নিষিদ্ধ হওয়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।
পরিবেশ ও জননিরাপত্তার দিক থেকে পুরাতন যানবাহনের বিরুদ্ধে এমন অভিযানকে বিশেষজ্ঞরা ইতিবাচক হিসেবে দেখছেন। কারণ, পুরনো যানবাহন সাধারণত অধিক ধোঁয়া ও শব্দ দূষণ ঘটায় এবং দুর্ঘটনার ঝুঁকিও বেশি।
সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের এই ধারাবাহিক পদক্ষেপ আশাব্যঞ্জক বলে মনে করছেন সচেতন মহল। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হলে সড়ক দুর্ঘটনা ও যানজট উভয়ই হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

















