ন্যাশনাল ডেস্ক : ৪ আগস্ট ২০২৫ , ৮:১৭:১৯ অনলাইন সংস্করণ
অন্তর্বর্তী সরকারের একবছরে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি উল্লেখ করে ভিন্ন প্রক্রিয়া ও ভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব, অবাধ তথ্য প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতের বিষয়টি গুরুত্ব পায়নি বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করা হয়।
পর্যবেক্ষণে টিআইবি বলছে, মব তৈরি করে গণমাধ্যম কার্যালয়গুলোতে আতঙ্ক সৃষ্টি, প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সরকারের বিতর্কিত কার্যক্রম, তিন দফায় ১৬৭ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল; সচিবালয়ে অগ্নিকাণ্ডে সাংবাদিকদের প্রবেশ সীমাবদ্ধ করা; প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২২ সংশোধন, তথ্য কমিশন কার্যকর করা এবং তথ্য অধিকার আইনের প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উদাসীনতা রয়েছে।
টিআইবি জানায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত না করা; সরকারি দপ্তরসমূহে তথ্য গোপন করার প্রবণতা, স্বপ্রণোদিত তথ্য প্রকাশ না করার চর্চা অব্যাহত রয়েছে।

















