সাতক্ষীরা

সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

  ডেস্ক রিপোর্ট ৫ আগস্ট ২০২৫ , ৩:০১:৪৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সরকারি কলেজ সড়কটির জরুরি সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

বুধবার (৫ আগস্ট) শহরের মেসলেমা একাডেমি সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন— ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ বেলাল হুসাইন, মাওলানা ইয়াহইয়া, ৩নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম হোসেন, স্থানীয় বাসিন্দা তালিম হোসেন, জয়নুল আবেদিন শামিন, মঞ্জুরুল ইসলাম, জহুরুল হক, নুরুল ইসলাম, আব্দুর রহিম, শিশু আরিফ বিল্লাহ ও আমীর হামজা প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কলেজ সড়কটির বেহাল দশা চললেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তার বড় বড় গর্ত, বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি এখন যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে।

তারা আরও জানান, গত ১৫ এপ্রিল সাতক্ষীরা পৌর শহরের সরকারি কলেজ রোডসহ মোট ১০টি সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়। ‘সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এবং জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান কেএফডব্লিউ-এর অর্থায়নে ১৭ কোটি ৪৭ লাখ ৫২ হাজার টাকায় প্রায় ৯ কিলোমিটার সড়ক সংস্কারের কথা ছিল। প্রকল্পের আওতায় পুরাতন সাতক্ষীরা থেকে সরকারি কলেজ পর্যন্ত অর্ধ কিলোমিটার সড়কে কিছু অংশে পিচ তুলে ফেলা হয় এবং দু’ধারে ইট বসানোর জন্য গর্ত করা হয়। এরপর থেকেই কাজ বন্ধ রয়েছে, যা জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে।

বক্তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান এবং দেরি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আরও খবর