সাতক্ষীরা

সাতক্ষীরায় শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  সাদ্দাম হোসেন, কলেজ প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ১:৩৮:৫২ অনলাইন সংস্করণ

শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন হয় সকাল ১১টায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, পিপিএম।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “শহীদ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনুপ্রেরণার নাম। দেশের জন্য, সুস্থ সংস্কৃতির জন্য কীভাবে জীবন উৎসর্গ করতে হয়—তিনি তা আমাদের দেখিয়ে গেছেন। এ দেশের মানুষ কখনো শহীদ শরীফ ওসমান হাদীকে ভুলবে না।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মোঃ আল মামুন, সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম, জেলা ছাত্রদলের অর্ঘ্য বিন জুয়েল, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসেন, ইসলামী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আরও খবর