ডেস্ক রিপোর্ট ২৪ আগস্ট ২০২৫ , ১:৪২:৩১ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নে সোমবার (২৪ আগস্ট) ২৩১ জন উপকারভোগীর মাঝে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন ২০২৫-২৬ চক্রের ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বিল্লাল হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, এবং স্থানীয় ইউপি সদস্যরা।
উপস্থিত সকলেই এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি শোয়াইব আহমাদ বলেন, “মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি কর্মসূচি দেশের সামাজিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই কর্মসূচির আওতায় উপকারভোগীরা দুই বছর ধরে প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি চাল পাবেন। এটা শুধু খাবারের নিশ্চয়তা নয়, বরং পরিবারের আর্থিক সহায়তা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করার একটি বড় সহায়তা। আমরা চাই, উপকারভোগীরা এই সুযোগকে কাজে লাগিয়ে আত্মনির্ভর হোক, তাদের সন্তানদের শিক্ষিত ও সুস্থ রাখুক, এবং বাল্যবিবাহের মতো সামাজিক কুসংস্কার প্রতিরোধ করুক।”
উল্লেখ্য, এই কর্মসূচি জেলার নারী ও শিশুদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। এলাকার মানুষ আশা করছেন, সরকারের এই সহায়তা তাদের জীবনে স্থায়ীভাবে পরিবর্তন আনবে।

















