সাতক্ষীরা

সাতক্ষীরা ৭নং ওয়ার্ডে জলাবদ্ধতা ও ভাঙা রাস্তার প্রতিবাদে মানববন্ধন

  ডেস্ক রিপোর্ট ২৪ আগস্ট ২০২৫ , ১:৫৪:২৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার প্রথম শ্রেণির পৌরসভার ৭নং ওয়ার্ডবাসী দীর্ঘদিনের দুর্ভোগের প্রতিবাদে রোববার (২৪ জুলাই) বিকেলে বাইপাস সংলগ্ন এলাকায় মানববন্ধন করেছেন। এলাকাবাসী অভিযোগ করেন, বর্ষার সময় পানি জমে ঘরবাড়ি এবং রাস্তা দু’টোই অচল হয়ে যায়, কিন্তু পৌরসভা তৎপর নয়।

মানববন্ধনে ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও আয়োজনকারী মোঃ শফিউর রহমান শফি সভাপতিত্ব করেন। এসময় খড়িবিলা গ্রামের মোঃ রবিউল ইসলাম, মোঃ আমের আলী, রইছপুর গ্রামের মোঃ মোশাররফ হোসেন, ইটাগাছা পূর্বপাড়ার মোঃ আসাদুল ইসলাম বাবু, ইটাগাছা পশ্চিম পাড়ার আসাদুজ্জামান পিয়ালসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

বক্তারা জানান, “আমাদের ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কোনো উন্নয়ন হয়নি। বর্ষা এলেই ঘরবাড়িতে পানি ঢুকে যায়। রাস্তায় দুই থেকে আড়াই ফুট পানি জমে থাকলেও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা কর দেই, কিন্তু নাগরিক সুবিধা মেলেনা।”
তারা আরও দাবি করেন, জিরো পয়েন্ট থেকে মেডিকেল কলেজ সম্মুখ পর্যন্ত বাইপাস সড়কের দুই পাশে সড়ক বিভাগের জায়গা উন্মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও ৭নং ওয়ার্ডের দুটি খাল সংস্কার করে সুইজগেট স্থাপনের জোর দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে নতুন ড্রেনেজ ব্যবস্থা স্থাপন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিবাদে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আরও খবর