শেখ ফরিদ আহমেদ ময়না ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২২:৩৪ অনলাইন সংস্করণ
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
সভায় পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, “দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। তবে কেউ যদি অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়া কিংবা সরাসরি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে—তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ দমন, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ডাকাতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। একইসাথে সাইবার বুলিং প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
এসময় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান—পুলিশের সঙ্গে সমন্বয় করে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সহযোগিতা করার জন্য।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হোসেন খান, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

















