ডেস্ক রিপোর্ট ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ২:১৫:১৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা ইয়ুথ হাবে তরুণদের নিয়ে হিউম্যান লাইব্রেরি (মানব গ্রন্থাগার) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়ন এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এফআরটি প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। তিনি হিউম্যান লাইব্রেরির উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। মানব লাইব্রেরি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী সাতক্ষীরা জজকোর্টের শেখ আজাদ হোসেন (বেলাল)। তিনি নিজের জীবনের সাফল্যের গল্প শেয়ার করেন এবং তরুণদের সামনে এগিয়ে যেতে উৎসাহ দেন। তরুণ অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তরের মাধ্যমে নতুন অনুপ্রেরণা পান।
সভায় বক্তারা বলেন, আজকের দ্রুত বিকশিত বিশ্বে সহানুভূতি ও বোঝাপড়া অত্যন্ত জরুরি। বাংলাদেশের তরুণরা নানা সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি—সাংস্কৃতিক ও ধর্মীয় ভুল ধারণা থেকে শুরু করে অর্থনৈতিক ও শিক্ষাগত বৈষম্য পর্যন্ত। এ ধরনের হিউম্যান লাইব্রেরি কার্যক্রম তরুণদের মধ্যে সংলাপ, বোঝাপড়া ও সহমর্মিতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
উদ্যোগটির মূল উদ্দেশ্য হলো একটি অন্তর্ভুক্তিমূলক ও ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তরুণরা কুসংস্কার ও ভ্রান্ত ধারণাকে চ্যালেঞ্জ করতে পারবে এবং সামাজিক সংহতি, সাংস্কৃতিক বোঝাপড়া ও ব্যক্তিগত উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
আলোচনা সভায় বিভিন্ন যুব সংগঠনের তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান তহিদ, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইনান্স অফিসার চন্দন কুমার বৈদ্যসহ অন্যান্য কর্মকর্তারা।

















