নিজস্ব প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ১২:০৬:১৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা কার্যালয়ের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপপরিচালক মো. মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, এবং প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. আদম আলী। কর্মশালায় বক্তব্য রাখেন ডাব্লিউএইচও’র প্রতিনিধি ডা. রাশেদ উদ্দিন মৃধা, ইপিআই সুপারিনটেনডেন্ট শেখ আব্দুল বাকি, এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা, যিনি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে টাইফয়েড টিকাদান কর্মসূচির মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন।
পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, যার মধ্যে ৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।
এই রোগ নিয়ন্ত্রণে সরকার ইপিআই কর্মসূচির আওতায় বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে সাতক্ষীরায় আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী (নবম শ্রেণী পর্যন্ত) শিশুদের টিকা দেওয়া হবে। জেলায় মোট ৫ লাখ ৭ হাজার শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
কর্মশালায় জেলা পর্যায়ের প্রায় অর্ধশত ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন, যারা সমাজে স্বাস্থ্য সচেতনতা ও টিকাদান কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার ফিল্ড অফিসার মো. হাসানুজ্জামান।

















