ডেস্ক রিপোর্ট ২৫ ডিসেম্বর ২০২৫ , ৮:৪০:৫৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার নহোলপুরে বেতনা নদী খননের নামে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন এবং ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ মাসুদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সাতক্ষীরা সদর থানাধীন নহোলপুর সাকনিস্থ নহোলপুর পোল্ডার নং–২ ও ৬-৮-এর আওতাভুক্ত বেতনা নদীর হাজীখালী (গেট) থেকে শালখিডাঙ্গা পর্যন্ত নদীর বাম ও ডান তীর থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ও বালু সংগ্রহ করে আসছিল। বিষয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা সদর শাখা-৩-এর নজরে এলে উপ-সহকারী প্রকৌশলী ও শাখা কর্মকর্তা মোঃ লিয়াকত আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় সংশ্লিষ্টরা তাকে হুমকি-ধামকি প্রদান করলে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।
ও পরবর্তীতে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পকে জানানো হলে ২৪ ডিসেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি মাটি ভর্তি ট্রলি উদ্ধারসহ কসেমত আলী নামে একজনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। তবে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে বেআইনি জনতা সংঘবদ্ধ হয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে আটককৃত আসামি ও জব্দকৃত ট্রলি ছিনিয়ে নেয়।
ঘটনার পর সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরফেনি জুয়েল, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারী কাজে বাধা প্রদান মামলার এজাহারভুক্ত আসামি রহমত (৪৩), পিতা- মৃত ইমান আলী, মোঃ আশিকুজ্জামান (২৫), পিতা- মোঃ ফয়েজ আলী এবং মোঃ ইমদাদুল ইসলাম (২৭), পিতা- মোঃ জিহাদ আলী—তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর (সানাপাড়া) এলাকায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাসুদুর রহমান আরও জানান, নদী খননের নামে অবৈধ মাটি ও বালু উত্তোলন এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সাতক্ষীরা সদর থানার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

















