কালিগঞ্জ

হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার প্রদান

  ডেস্ক রিপোর্ট ২৭ ডিসেম্বর ২০২৫ , ২:৪০:১০ অনলাইন সংস্করণ

“স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা”— এই মহৎ আদর্শকে প্রতিপাদ্য ধরে আধ্যাত্মিক সাধক, শিক্ষাবিদ ও সমাজসেবার পথিকৃৎ হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে পাক রওজা শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ এইচ এম মাহফুজুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, “হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) শুধু একজন পীর নন; তিনি সমাজ, শিক্ষা, সেবা ও মানবকল্যাণের অক্লান্ত ছায়াদাতা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আহসানুল হাদী। আলোচনায় অংশ নেন কবি ও সাহিত্যিক অধ্যাপক কাজী আজিজুর রহমান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য ইকবাল মাসুদ, এবং প্রবন্ধ পাঠ করেন খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রবন্ধকার এএফএম এনামুল হক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. কাজী আলী আজম এবং সার্বিক তথ্য-সেবা উপস্থাপন করেন মিশনের সহসভাপতি আলহাজ্ব মো. সাইদুর রহমান।

এবারের খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) পুরস্কার ২০২৫ের জন্য মনোনীত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. একরাম হোসেন। তাঁর হাতে তুলে দেওয়া হয় ১ ভরি স্বর্ণের মেডেল, ক্রেস্ট ও নগদ এক লক্ষ টাকা।

সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর ভক্তবৃন্দসহ বিপুলসংখ্যক মুসুল্লি, শিক্ষানুরাগী, গবেষক-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলাম।

মানবসেবার মাহাত্ম্য, নৈতিকতা ও আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে দেওয়া এই আয়োজন জয় করে নেয় উপস্থিত সকলকে।

আরও খবর