নিজস্ব প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ৪:২৮:৩৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে ভেজাল সার প্রস্তুত ও নিম্নমানের দস্তা সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজার নেতৃত্বে সুলতানপুর বড়বাজারের সার, বালাইনাশক ও বীজের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭(৩) ও ৮(২) ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স রবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মেসার্স ইসলাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আশরাফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগ বৃদ্ধি পেয়েছে। এতে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। সুলতানপুর বড়বাজারে পরিচালিত এ অভিযান কৃষকদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা বলেন, “ভেজাল সার কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক সার ক্রয়ের ক্ষেত্রে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।”
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন এবং সদর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

















