ডেস্ক রিপোর্ট ২৯ এপ্রিল ২০২৬ , ৩:২৭:৩০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক থেকে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে কৃত্রিমভাবে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে সাতক্ষীরার কালীগঞ্জ এলাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ট্রাক থেকে মোট ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ৯ হাজার কেজি। প্রাথমিকভাবে জানা যায়, এসব আম কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে অপরিপক্ক অবস্থায় কৃত্রিমভাবে পাকানো হয়েছিল।
ইউএনও অর্নব দত্ত জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় জব্দকৃত আম ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার বিনেরপোতা এলাকায় ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো বিনষ্ট করা হয়।

















